
মোস্তাফিজুর রহমান লিটন: আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের অবস্থান ও সুনাম আরও সুদৃঢ় করার লক্ষ্যে টাইমস হায়ার এডুকেশন (THE) ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২৭-এ অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য ও প্রমাণাদি জমা দিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।
রোববার (৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক আনুষ্ঠানিকভাবে রুয়েটের পক্ষে টাইমস হায়ার এডুকেশনের অনলাইন ডেটা পোর্টালে এসব তথ্য ও প্রয়োজনীয় প্রমাণাদি জমা দেন। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট (sustainability.ruet.ac.bd) এবং নির্ধারিত ফরম্যাট অনুসরণ করে তথ্য-উপাত্ত প্রস্তুত ও উপস্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাঙ্কিং কমিটির সভাপতি ও সিভিল অনুষদের ডিন অধ্যাপক ড. মো: কামরুজ্জামান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইউ. এইচ. জোয়ার্দার, সহযোগী অধ্যাপক রিয়াজ পারভেজ এবং ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো: আবু ইসমাইল সিদ্দিকীসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাঙ্কিংয়ে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম মূল্যায়ন করা হয়। এ র্যাঙ্কিংয়ে অংশগ্রহণের মাধ্যমে রুয়েটের শিক্ষা, গবেষণা ও টেকসই উন্নয়নে অবদান আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার নতুন সুযোগ তৈরি হয়েছে।#