
# গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হারুনুর রশীদ মন্তব্য করেছেন যে, জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিষয়ে মা-বোনদের সতর্ক থাকতে হবে। সম্প্রতি জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড বা নারী কেলেঙ্কারির প্রতি ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, “তারা ইসলাম কায়েমের নামে বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে।”
রবিবার বিকেলে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্থানীয় বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অতীতের জাতীয় সংসদ নির্বাচনের মতো কোনো ভুল না করে দলের নেতাকর্মীদের ইস্পতকঠিন ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।
রহনপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আশরাফুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের অর্থ বিষয়ক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আমিনুল ইসলাম।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কাসেম মোহাম্মদ মাসুম, নাচোল বিএনপি নেতা নুর কামাল, দুরুল হুদা, রহনপুর ইউনিয়ন বিএনপি নেতা আলাউদ্দিন পারভেজসহ ছাত্রদল, যুবদল ও শ্রমিকদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।#