
শহিদুল্লাহ আল আজাদ, খুলনা ব্যুরো: জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সমবায় পণ্য মেলা এবং শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে খুলনায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। এবারের প্রতিপাদ্য ছিল— ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’।
দিবসটি উপলক্ষে রবিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ রকিবুল ইসলাম বলেন, “সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হলেই দেশের সামগ্রিক পরিবর্তন সম্ভব। সমবায়ের মাধ্যমে দেশ গড়ার অপার সম্ভাবনা এখন আমাদের সামনে। প্রতিকূল পরিবেশে টিকে থেকে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার অন্যতম হাতিয়ার হলো সমবায়ের মূলনীতি। সমবায়ের দর্শন হলো কেউ পিছিয়ে থাকবে না, সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, সমবায়ীদের সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে। তরুণ-তরুণীদের চাকরির আশায় বসে না থেকে সমবায়ের মাধ্যমে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। সবাই সচেতন ও ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, পুলিশ সুপার সরকার ওমর ফারুক, ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, কেডিএ’র চেয়ারম্যান এস এম শফিকুল আলম এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. নূরুন্নবী। স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় অফিসার মো. জহিরুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে খুলনা জেলায় নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা ১ হাজার ৯১টি। পরে জেলার বিভিন্ন ক্যাটাগরিতে ৭টি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এর আগে সকালে শহীদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সমবায়ীরা অংশ নেন। উল্লেখ্য, গত ৭ নভেম্বর সরকারি ছুটি থাকায় এ বছর ৮ নভেম্বর জাতীয় সমবায় দিবস পালন করা হয়।#