
শিবপুরে নকল বিড়ি কারখানা ও এনএসআই অভিযান
মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর শিবপুরে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে একটি নকল বিড়ির কারখানার সন্ধান পাওয়া গেছে। এ সময় প্রায় ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ এবং এই নকল ব্যান্ডরোল সরবরাহকারী চক্রের মূল হোতা নেপাল দত্তকে আটক করেছে যৌথবাহিনী।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং উপজেলা প্রশাসনের যৌথ দল শিবপুর উপজেলার কামড়াবো বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান।
গোয়েন্দা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র বৈধ ব্যান্ডরোলের পরিবর্তে নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি উৎপাদন ও বাজারজাত করে আসছে। এর মাধ্যমে তারা সরকার নির্ধারিত বিপুল পরিমাণ শুল্ক ও রাজস্ব ফাঁকি দিচ্ছিল। অবৈধ এই কার্যক্রমের ফলে সরকার যেমন রাজস্ব হারাচ্ছিল, তেমনি বাজারে বৈধ উৎপাদকরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছিলেন।

অভিযানকালে কারখানা থেকে আনুমানিক ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক নেপাল দত্তের মাধ্যমে দীর্ঘদিন ধরে এই নকল ব্যান্ডরোল সরবরাহের চক্রটি পরিচালিত হয়ে আসছে।
এ ঘটনায় জব্দকৃত নকল ব্যান্ডরোলের পরিমাণ ও আর্থিক মূল্য নিশ্চিত করাসহ অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।