
আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা (সাতক্ষীরা):
“আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক শিশুশ্রম ও বিদ্যালয় হতে ঝড়েপড়া মুক্ত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে আনুষ্ঠানিকভাবে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) পারুলিয়া ফুটবল মাঠ প্রাঙ্গণে দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছে দেবহাটা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সুশীলন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রশাসনের বিভিন্ন সমন্বিত উদ্যোগের মাধ্যমে উপজেলার ৮৭ জন শিশুকে শিশুশ্রম থেকে ফিরিয়ে এনে পুনরায় শিক্ষার আওতায় আনা হয়েছে।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সভাপতিত্বে এবং সিডিও জোসনা বালা ও আসাদুজ্জামান রিপনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, “শিশুশ্রম মুক্ত উপজেলা গড়ার এই ধারাবাহিকতা বজায় রাখতে সমাজের প্রতিটি স্তরের মানুষকে স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা জানান, স্থানীয় সরকার ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন ও সুশীলনের সহায়তায় দেবহাটার ৫টি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডে ‘শিশুশ্রম প্রতিরোধ কমিটি’ গঠন করা হয়। এসব কমিটির মাধ্যমে সচেতনতা বাড়াতে অভিভাবকদের সঙ্গে উঠান বৈঠক, সভা, কর্মশালা, ক্যাম্পেইন, পট গান এবং নাটকের মতো বৈচিত্র্যময় কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা থানার প্রতিনিধি বিপ্লব কুমার মালাকার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া ম্যানেজার মিল্টন সিং, সুশীলনের ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম) জিএম মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুসফিহাতুন নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার মিজানুর রহমান এবং উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম।
এছাড়াও যুব উন্নয়ন, ডিআরআরএ, সাস, ব্রেকিং দ্য সাইলেন্স, স্থানীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং পারুলিয়া, সখিপুর, দেবহাটা সদর, নওয়াপাড়া ও কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।