
মোস্তাফিজুর রহমান লিটন: রাজশাহী মহানগরীর উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল এবং নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) পরিচালিত এ্যাসফল্ট প্লান্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
রবিবার (১ নভেম্বর ২০২৬) দুপুরে নগরীর নওদাপাড়া সিটি হাট সংলগ্ন রাসিকের এ্যাসফল্ট প্লান্ট পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে তিনি প্লান্টের উৎপাদন ও পরিচালনাসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে সার্বিক খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সাথে আলাপ-আলোচনা করেন এবং প্লান্টের কার্যক্রম আরও সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সিটি প্রশাসক প্লান্টের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নগরীর রাস্তা নির্মাণ ও সংস্কারকাজে এ্যাসফল্ট প্লান্টের গুরুত্ব সম্পর্কে অবহিত হন। তিনি জানান, নগরীর সড়ক অবকাঠামোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে এ প্লান্টের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এর উৎপাদন ও পরিচালন ব্যবস্থা সার্বক্ষণিক সচল রাখতে হবে।
একই সাথে পরিদর্শনের অংশ হিসেবে নগরীতে চলমান মশক নিধন কার্যক্রমের আওতায় ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রমও সরজমিনে পরিদর্শন করেন প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের গতি বাড়াতে এবং সফলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট এবং সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) শাহেদুজ্জামান জীবনসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।#