
রাজশাহী প্রতিনিধি: ছাত্রজীবনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতির দায়িত্ব পালন থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক পথচলা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নতুন আমীর নির্বাচিত হয়েছেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।
ছাত্রজীবন থেকেই ইসলামী আদর্শ ও সামাজিক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। অত্যন্ত মেধাবী ও দক্ষ সংগঠক হিসেবে তিনি ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সভাপতির দায়িত্ব সফলতার সাথে পালন করেন। ছাত্ররাজনীতি শেষ করে পেশাগত জীবনে তিনি চিকিৎসা সেবা বেছে নেন। চিকিৎসা পেশার মাধ্যমে সাধারণ ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে রাজশাহীর সর্বস্তরের মানুষের মাঝে তিনি ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করেন।
ব্যক্তিগত জীবনে সৎ, নিষ্ঠাবান ও পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী হিসেবে পরিচিত ডা. জাহাঙ্গীর জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। তিনি সর্বশেষ মহানগর জামায়াতের নায়েবে আমীর হিসেবে দায়িত্বে ছিলেন। পাশাপাশি অনুষ্ঠিত গত জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুলসংখ্যক ভোট পান এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক আলোচনায় আসেন।
রাজশাহীর রাজনীতিতে প্রয়াত জননেতা আতাউর রহমানের অবদান ও জনপ্রিয়তা দীর্ঘদিনের। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও অনুসারীরা ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের এই উত্থানকে আতাউর রহমানের রাজনৈতিক ও সামাজিক ধারার যোগ্য উত্তরসূরি হিসেবেই দেখছেন। ছাত্রশিবিরের মহানগর সভাপতি থেকে শুরু করে জামায়াতের মহানগর আমীরের শীর্ষ দায়িত্বে আগমন তাঁর দীর্ঘ সংগ্রাম ও সাংগঠনিক ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ।
নতুন দায়িত্বে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের ওপর রাজশাহীবাসীর অনেক প্রত্যাশা। সমর্থক ও স্থানীয়দের বিশ্বাস—একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন। সর্বস্তরের সাধারণ মানুষকে সাথে নিয়ে এবং দলের নেতাকর্মীদের সুসংগঠিত করে রাজশাহীর উন্নয়ন, জনকল্যাণ ও সামাজিক অগ্রগতিতে তিনি কার্যকর অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন তাঁর অনুসারীরা।#