
রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর অটোচালক হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ১৬ বছর বয়সী অটোচালক সিহাব রানাকে নির্মমভাবে হত্যার ঘটনায় ব্যবহৃত লোহার হাতুড়ি ও ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ সদর থানার জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মামলার গুরুত্বপূর্ণ আলামতগুলো জব্দ করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর বিকেলে কিশোর অটোচালক সিহাব রানা জীবিকার তাগিদে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। ওই দিন রাত আনুমানিক ৮টার দিকে মূল অভিযুক্ত মোঃ হাবিবুল বাসার শিমুল ২০০ টাকা ভাড়ায় দিগ্রাম যাওয়ার কথা বলে সিহাবের অটোরিকশাটি ভাড়া করে।
পথিমধ্যে পূর্বপরিকল্পনা অনুযায়ী গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের কলিপুর গ্রামে গোদাগাড়ী-আমনুরা সড়কের নির্জন পশ্চিম পাশে পৌঁছালে চলন্ত অবস্থায় পেছন থেকে সিহাবের মাথায় লোহার হাতুড়ি দিয়ে পরপর দুটি সজোরে আঘাত করে শিমুল।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হাতুড়ির আঘাতে ঘটনাস্থলেই কিশোর সিহাবের মৃত্যু হয়। মৃত্যু নিশ্চিত করার পর তার মরদেহ রাস্তার পাশের একটি ধানক্ষেতে ফেলে রেখে অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায় ঘাতক শিমুল।
এদিকে রাত গভীর হলেও সিহাব বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও কোনো সন্ধান না পেয়ে পরদিন ২৮ অক্টোবর সিহাবের বাবা মোঃ সোহেল রানা গোদাগাড়ী মডেল থানায় ছেলের নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরপর গত ৩১ অক্টোবর সকাল আনুমানিক ৮টার দিকে কলিপুর গ্রামের গোদাগাড়ী-আমনুরা সড়কের পশ্চিম পাশের ওই ধানক্ষেত থেকে সিহাব রানার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা মোঃ সোহেল রানা বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার এফআইআর নম্বর: ০১ (তারিখ: ১ নভেম্বর ২০২৬)
জিআর নম্বর: ৩৪৫
আইনি ধারা: দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২/৩৭৯/২০১/৩৪ ধারা
মামলা দায়েরের পর রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি চৌকস দল তদন্তে নামে। সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মোঃ সামসুল আলম, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সুজন মিঞা এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাজ্জাক হোসেনের নেতৃত্বে প্রযুক্তির সহায়তায় অপরাধীদের অবস্থান শনাক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় ১২ নভেম্বর সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় গ্যারেজ থেকে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা লোহার হাতুড়িটি উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন: ১. মোঃ হাবিবুল বাসার শিমুল – পিতা: মোঃ ইব্রাহিম আলী, গ্রাম: লস্করহাটী, গোদাগাড়ী, রাজশাহী। ২. মোসাঃ জোহুরা বেগম – স্বামী: মোঃ ইব্রাহিম আলী, গ্রাম: লস্করহাটী, গোদাগাড়ী, রাজশাহী। ৩. মোঃ সুজন – পিতা: মৃত রমজান আলী বিশ্বাস, গ্রাম: জয়নগর মীরপাড়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ। ৪. মোঃ আঃ হালিম – পিতা: মোঃ মতিউর রহমান, গ্রাম: বাগানপাড়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত চার আসামিকেই যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ছিনতাইকৃত অটোরিকশাটি কেনাবেচা এবং হত্যাকাণ্ডের পরিকল্পনায় গ্রেফতারকৃত অন্যদের কী ধরনের সম্পৃক্ততা ছিল, তা অধিকতর তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।
মাত্র একটি অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে ১৬ বছর বয়সী কিশোর চালককে এভাবে নৃশংসভাবে হত্যার ঘটনায় গোদাগাড়ী ও আশপাশের এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশের দ্রুত তৎপরতা ও প্রযুক্তিনির্ভর অভিযানে মূল আসামিসহ চারজন গ্রেফতার এবং আলামত উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার।#
মোস্তাফিজুর রহমান লিটন, নিজস্ব প্রতিবেদক প্রেরিত-