
শিবগঞ্জ উপজেলা জুড়ে চলছে শিবগঞ্জে ডেঙ্গু আতঙ্ক, যা এখনো কাটেনি। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগীরা। সরকারি হিসাব অনুযায়ী শিবগঞ্জ উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে, তবে বেসরকারি হিসাব মতে মৃত্যুর সংখ্যা আরও বেশি।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় সাদেক আলি (৩৫), গত ৩০ অক্টোবর নাম না জানা একজন এবং ১ নভেম্বর নামাটোলা গ্রামের রুনা বেগম নামের এক নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। তবে বেসরকারি হিসাব মতে, সাম্প্রতিক সময়ে শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামে একজন নারী ও একজন পুরুষ এবং শাহাবাজপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে একজন পুরুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর পর্যন্ত শিবগঞ্জে নতুন করে ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২২৪ জন এবং ছাড়পত্র পেয়েছেন ৪ জন। শিবগঞ্জে বর্তমানে ডেঙ্গুর প্রভাব ও বিস্তার অব্যাহত থাকায় মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
সংশ্লিষ্ট দপ্তরের ভাষ্য হলো, ডেঙ্গু নিয়ন্ত্রণে জোরালো প্রচেষ্টা চলছে। তবে বিশেষ করে গ্রামীণ এলাকায় অসচেতনতার কারণে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়ছে বলে অনেকের ধারণা। উদাহরণস্বরূপ, ডেঙ্গুবাহিত মশা নিধনে এখনো শিবগঞ্জের গ্রামাঞ্চলে কোনো কার্যকর তৎপরতা দেখা যায়নি। শুধুমাত্র পৌরসভা এলাকায় কিছু অভিযান চালানো হলেও পল্লী অঞ্চলে মশার বংশবৃদ্ধি রোধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
শিবগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, যত্রতত্র ডাব ও বিভিন্ন ফলের খোসা পড়ে থাকা, আশপাশে জঞ্জাল ও আবর্জনা জমে থাকা, ছোট ছোট পানির গর্ত, টিউবওয়েলের পাশের গর্তে পচা পানি জমা, বাড়িতে বাড়িতে পানির ট্যাঙ্কি বা ড্রামে এবং দোকানের পচা পণ্যের মধ্যে এডিশ মশার লার্ভার নমুনা পাওয়া গেলেও সংশ্লিষ্ট দপ্তর এখনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাজির আহমেদ বলেন, “আমরা মশা নিধনের পাশাপাশি নিয়মিত সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি।”
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের সিভিল সার্জন এ এম সাহাবুদ্দিন জানান, গত জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৪,০০৩ জন এবং সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা ৪ জন (অন্যান্য সূত্রে মৃত্যুর সংখ্যা ১৫ জন পর্যন্ত বলা হচ্ছে)। এছাড়া ৮ জনকে রেফার্ড এবং ৫৪ জনকে রিলিজ দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে বর্তমানে ৮৮ জন রোগী ভর্তি রয়েছেন।
তিনি আরও জানান, ডেঙ্গু প্রতিরোধ ও এডিশ মশা নিয়ন্ত্রণে গত ১ নভেম্বর সদর উপজেলার আরামবাগ এলাকায় ৮টি বাড়িতে অভিযান চালিয়ে ৫টিতে ড্রামের পানিতে এডিশ মশার লার্ভা পাওয়া গেছে। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ডেঙ্গু প্রতিরোধে জোর তৎপরতা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হাটবাজার, সব ধরনের প্রতিষ্ঠান এবং গ্রাম পর্যায় পর্যন্ত এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।#
মোহা: সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা প্রেরিত-