
ক্রীড়া প্রতিবেদক: পুরুষদের আন্তর্জাতিক টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ দলীয় প্রতিযোগিতা ‘ডেভিস কাপ’-এ অংশ নিতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় মোঃ রাকীন রহমান রাকীন। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটনের একমাত্র সন্তান।
আগামী ১১ থেকে ১৪ নভেম্বর ভিয়েতনামের ফান থিয়েট শহরের নোভাওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। ৪ জন খেলোয়াড় ও ১ জন কোচের সমন্বয়ে গঠিত ৫ সদস্যের বাংলাদেশ দলটি আজ রবিবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে ভিয়েতনামের উদ্দেশে রওনা হবে।
আন্তর্জাতিক এই আসরে সুযোগ পেয়ে উছ্বসিত রাকীন রহমান বলেন, “এত বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। দেশের সম্মান রক্ষায় যেন ভালো ফলাফল করতে পারি, সে জন্য আমি দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ চাই।”
রাজশাহী টেনিস কমপ্লেক্সের অ্যাডহক কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী বলেন, “রাকীনের মতো উদীয়মান খেলোয়াড়ের ডেভিস কাপে সুযোগ পাওয়া রাজশাহীর ক্রীড়াঙ্গনের জন্য বড় গর্বের বিষয়। তার এই সাফল্য তরুণ অ্যাথলেটদের অনুপ্রাণিত করবে। আমরা রাকীনসহ পুরো বাংলাদেশ দলের সফলতা কামনা করছি।#