
মেহেরুল ইসলাম মোহন, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই অটোভ্যান বিক্রির ৩৭ হাজার টাকাসহ চোর চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর ২০২৬ রাত সাড়ে ১০টার দিকে লালপুর উপজেলার বাকনাই গ্রামের বাসিন্দা শাকিল আলী (২৭) তাঁর বসতবাড়ির ভেতরে বারান্দায় অটোভ্যানটি শিকল দিয়ে তালাবদ্ধ করে ঘুমাতে যান। পরদিন ভোর ৫টার দিকে তিনি ঘুম থেকে উঠে বাইরে বের হতে গিয়ে দেখেন শোয়ার ঘরের দরজা বাইর থেকে আটকানো। পরবর্তীতে তিনি জানালা দিয়ে বের হয়ে বারান্দায় গিয়ে দেখতে পান যে, শিকল ও তালা কাটা অবস্থায় পড়ে আছে এবং ভেতরে থাকা আনুমানিক ৭০ হাজার টাকা মূল্যের অটোভ্যানটি নেই।
অজ্ঞাতনামা চোর চক্র ভ্যানটি চুরি করে নিয়ে যাওয়ায় পরবর্তীতে সংক্ষুব্ধ হয়ে ভুক্তভোগী লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার গ্রহণ করেন উপ-পরিদর্শক (এসআই) এ. জে. মিন্টু। তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন।
তদন্তের ধারাবাহিকতায় ২০ অক্টোবর ২০২৬ তারিখে লালপুর থানা এলাকাসহ বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনার সাথে জড়িত বাকনাই (কদমতলা) গ্রামের চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— সাজদার রহমান (৫১), পিতা: মৃত দেছের উদ্দিন; মিলন ইসলাম (২৯), পিতা: মৃত শাহাজান আলী; আবেদ আলী (৪৫), পিতা: মৃত রহমান মন্ডল এবং শফিকুল ইসলাম (২৪), পিতা: জহুরুল ইসলাম।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদ করা হলে তারা অটোভ্যানটি বিক্রি করার কথা স্বীকার করে এবং তাদের কাছ থেকে বিক্রয়লব্ধ নগদ ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সংবাদকর্মীদের জানান, “আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে ২০ অক্টোবর ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#