
রাজশাহী প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত আনোয়ার হোসেনের (৩৫) দাফন সম্পন্ন হয়েছে। নিহত আনোয়ার স্কয়ার কোম্পানির ETP প্ল্যান্টে চাকরির নিয়োগ প্রক্রিয়া শেষ করে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় রাজশাহীর বাগমারা উপজেলার ৬ নম্বর শ্রীপুর ইউনিয়নের চাঁইপাড়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
এর আগে মঙ্গলবার ভোরে নাটোরের বড়াইগ্রাম মহাসড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন চাঁইপাড়া গ্রামের বাসিন্দা বাবুর আলীর ছেলে। মৃত্যুকালে তিনি মা-বাবা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাতে বড়াইগ্রাম এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের তীব্র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনোয়ার হোসেনসহ ১০ জন প্রাণ হারান। দুর্ঘটনার পর বড়াইগ্রাম হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দুপুরের দিকে আনোয়ারের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
বিকেলে আনোয়ারের লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজন ও প্রতিবেশীদের শোকার্ত আর্তনাদে পরিবেশ ভারী হয়ে ওঠে।
এলাকাবাসী জানান, আনোয়ার অত্যন্ত নম্র, ভদ্র ও সদালাপী ছিলেন। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং গ্রামের সবার সঙ্গেই তাঁর সুসম্পর্ক ছিল। তাঁর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো চাঁইপাড়া গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।#