
সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর প্রতিনিধি: সৌদি আরবে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি নারী সুইটি আক্তারের পরিচয় নিশ্চিত করা গেছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) বহির্গমন ছাড়পত্র ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, তাঁর বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়।
সরকারি নথি অনুযায়ী, ২০০১ সালের ১১ আগস্ট জন্মগ্রহণ করেন সুইটি আক্তার। ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি ‘এস রানা ট্রেডিং ইন্টারন্যাশনাল’ নামের একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যাওয়ার বহির্গমন ছাড়পত্র পান তিনি। সেখানে তাঁর নিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত ছিল ‘আল মাজাল আল আরাবি গ্রুপ কোম্পানি’।
এর আগে গত ১৪ অক্টোবর মক্কা অঞ্চলে একটি মসজিদে ‘অনৈতিক কর্মকাণ্ডে’র অভিযোগে সুইটি আক্তার ও নজরুল ইসলাম আবদুল বশির নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরবের কর্তৃপক্ষ। তবে এই মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশকে পূর্বে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি বলে জানিয়েছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট। না জানিয়ে সাজা বাস্তবায়নের এ ঘটনায় সৌদি কর্তৃপক্ষের কাছে প্রাতিষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সরকার।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুজনকে গ্রেপ্তারের পর পূর্ণাঙ্গ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত উল্লেখ করে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও রাজকীয় আদেশের পর ১৪ অক্টোবর মক্কা অঞ্চলে তা কার্যকর করা হয়।
তবে ঠিক কী ধরনের কর্মকাণ্ড বা পরিস্থিতির কারণে তাদের বিরুদ্ধে এই কঠোর শাস্তি দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত স্পষ্ট করেনি সৌদি কর্তৃপক্ষ।#