
এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আব্দুল আউয়াল ওরফে মারুফ (৪২) নামে এক ব্যক্তির অকাল মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার হলদেগাছী এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত আব্দুল আউয়াল উপজেলার সদর ইউনিয়নের ঝাউবোনা গ্রামের মরহুম আলাউদ্দিন ড্রাইভারের (উপজেলা নির্বাহী কর্মকর্তার সাবেক চালক হিসেবে পরিচিত) ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যার পর ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হন আব্দুল আউয়াল। রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরদিন মঙ্গলবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছোটেন। সেখানে উপজেলা সংলগ্ন হলদেগাছী এলাকায় সড়কের পাশে তাঁর নিথর দেহ এবং দুমড়েমুচড়ে যাওয়া একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন তারা।
এদিকে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারে শোকের মাতম শুরু হয়। তাঁর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে স্বজন, সহপাঠী ও পুরো গ্রামবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার খবর পেয়ে ভোলাহাট থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও স্থানটি পরিদর্শন করেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক জানান, “এ ঘটনায় সড়ক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।#