
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: মোঃ শহিদুল ইসলাম: নওগাঁর পোরশায় যথাযথ মর্যাদায় ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া প্রদর্শনী ও সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) পোরশা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার জনাব রাকিবুল ইসলাম। আলোচনা সভায় বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে নিয়মিত ও সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, হাত ধোয়ার মাধ্যমে জীবাণুর সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। এর ফলে বিভিন্ন পানিবাহিত ও সংক্রামক রোগের ঝুঁকি কমে এবং সুস্থ জীবনযাপন নিশ্চিত হয়। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদ পানি ব্যবহার এবং স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার পাশাপাশি শিশুদের ছোটবেলা থেকেই সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস শেখানোর আহ্বান জানানো হয়।
জনস্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।#