
নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা এবং ধানি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অপরাধে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অপর একজনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তাহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড মথুরাপুর বিল ও ৮নং ওয়ার্ড নূরপুর সোলাখুড়া বিলে পৃথক অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।
অভিযান সূত্রে জানা যায়, মথুরাপুর বিলে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে পুকুর খননের কারণে স্থানীয় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল এবং সরকারি রাস্তার ক্ষতি হচ্ছিল। এ সময় অভিযান চালিয়ে শফিকুল ইসলাম (২৪) নামের এক ব্যক্তিকে আটক করে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারা অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পরবর্তীতে দুপুর ১২টা ৪০ মিনিটে নূরপুর সোলাখুড়া বিলে অপর এক অভিযানে একই অপরাধে আব্দুস সালাম (৬২) নামের আরেক ব্যক্তিকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, তাহেরপুর পৌরসভাজুড়ে একটি প্রভাবশালী চক্র রাতদিন অবৈধভাবে পুকুর খনন চালিয়ে আসছে। এর ফলে আবাদি জমির পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে এবং সার্বিক কৃষি চাষাবাদ হুমকির মুখে পড়ছে। স্থানীয়দের দাবি, কৃষি জমি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত জোরদার করা প্রয়োজন।#