
রাজশাহী:জাতীয় বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা (আন্তঃকলেজ-২০২৬) রাজশাহীতে উদ্বোধন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহী শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র। এই রাজশাহী থেকেই জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় উঠে এসেছেন, যাঁরা বিশ্বে রাজশাহী ও বাংলাদেশকে গৌরবের সঙ্গে তুলে ধরেছেন। রাজশাহীর মানুষ শান্তিপ্রিয় ও অতিথিপনায়ণ। এখানে দেখার মতো অনেক দর্শনীয় স্থান রয়েছে—আশা করি খেলাধুলা করতে আসা শিক্ষার্থীদের এই নগরী ভালো লাগবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় দেশের যুবসমাজকে এগিয়ে নিতে কাজ করে চলেছেন, যাতে যুবসমাজ মাদক থেকে দূরে থাকে এবং খেলাধুলায় পারদর্শী হয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারে। তাঁর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।
রাসিক প্রশাসকের বক্তব্য ও ক্রীড়া অবকাঠামো বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীর রয়েছে সমৃদ্ধ ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্য। এই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে রাজশাহীকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া আয়োজনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে রাসিক ক্রীড়াঙ্গনের উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছে।
রাসিক প্রশাসক বলেন, ক্রীড়া শুধু শখের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত হোক। একজন খেলোয়াড় তাঁর প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে নিজের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারবেন। “ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা”—এটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য।
তিনি জানান, ক্রীড়াঙ্গনের উন্নয়নে রাসিক ২১টি খেলার মাঠ ও ১৬টি টার্ফ নির্মাণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, যা নগরীতে খেলাধুলার পরিবেশ আরও সম্প্রসারিত করবে এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করবে।

অতিথিদের উপস্থিতি ও তিন দিনের আয়োজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, রাজশাহী কোর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আল মামুন কবির এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক মোহাম্মদ আব্দুল আলীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিকুল করিম।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে তিন দিনের এই আয়োজনে রাজশাহী বিভাগের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার আগ্রহ বৃদ্ধি এবং আন্তঃকলেজ পর্যায়ে ক্রীড়াচর্চা আরও উৎসাহিত হবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#
স্পোর্টস প্রতিবেদক-