
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দাবি না মানলে আগামী সোমবার থেকে কর্মবিরতি এবং পরবর্তী সময়ে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সেবা উন্নয়ন খাতের কর্মচারী ও টেকনোলজিস্টরা।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রামেক হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর) ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে প্যাথলজি ও রেডিওথেরাপি বহির্বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট, কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন।
দীর্ঘদিনের বঞ্চনা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে চিঠি চালাচালি, হাসপাতালের পরিচালকের সঙ্গে একাধিকবার বৈঠকের চেষ্টা এবং মন্ত্রণালয়ে জানিয়েও তাঁদের বেতন-ভাতা সংক্রান্ত সমস্যার কোনো সমাধান মেলেনি। বর্তমান বাজারদর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সন্তানদের পড়াশোনার খরচের সঙ্গে তাঁদের বর্তমান বেতন কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করেন তাঁরা।
কর্মবিরতি ও লাগাতার আন্দোলনের ঘোষণা আন্দোলনকারীরা জানান, দাবি বিবেচনার জন্য কর্তৃপক্ষকে এক দিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে সমাধান না হলে সোমবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত অর্ধদিবস এবং মঙ্গলবার থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।
তবে কর্মসূচির কারণে রোগীদের সম্ভাব্য ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে বক্তারা বলেন, কর্তৃপক্ষ দ্রুত দাবি মেনে নিলে তাঁরা সম্মানের সঙ্গে পুনরায় কর্মস্থলে ফিরে যাবেন।#
নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি-