
কালীগঞ্জ পুলিশ গাজীপুরের কালীগঞ্জে ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামসহ মো. রতন মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কালীগঞ্জ পুলিশ-এর উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা শামীমের নেতৃত্বে একটি দল উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুল আলীর ছেলে রতন মিয়ার নিজ বাড়িতে তল্লাশি করে চারটি ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে ছিল ফয়েল পেপার ও মাদক সেবনে ব্যবহৃত বোতল।
পরে শুক্রবার বিকেলে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা মামলা (নম্বর ২১/২০২৬) বিবেচনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন মিয়াকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। এ-সংক্রান্ত ডি.সি.আর নম্বর ৮৬৩২৫২। আদালতের রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এ সময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ পুলিশ-এর উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা শামীম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম জানান, মাদকদ্রব্যের অবৈধ ক্রয়-বিক্রয় ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।#