
মির্জাপুরে টিলা কেটে মাটি বিক্রি ও ফসলি জমির উর্বর মাটি কাটার মহোৎসব চলছে বলে অভিযোগ উঠেছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী মাটিয়াখোলা এলাকায় অবাধে মাটি কাটার ফলে হুমকির মুখে পড়েছে স্থানীয় পরিবেশ ও কৃষিব্যবস্থা।
মো. সাইফুল ইসলাম (শান্ত), মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: স্থানীয়দের অভিযোগ, ভেকু মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে এসব ফসলি জমি ও প্রাকৃতিক টিলার মাটি কেটে বিক্রি করছেন স্থানীয় প্রভাবশালী আরিফ কন্ট্রাক্টর নামের এক ব্যক্তি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকায় ভেকু মেশিন বসিয়ে ফসলি জমি ও প্রাকৃতিক টিলা থেকে লাল মাটি কাটা হচ্ছে। পরে ডাম্প ট্রাক ও মাহিন্দ্রাযোগে এসব মাটি বিভিন্ন ইটভাটা এবং নিচু জমি ভরাটের কাজে বিক্রি করা হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, মাটিবাহী ভারী যানবাহন চলাচলের কারণে গ্রামের কাঁচা-পাকা রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি মাটি পরিবহনের সময় সৃষ্ট ধুলাবালিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। নির্বিচারে কৃষিজমি ও টিলা কাটার ফলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। বর্ষা মৌসুমে ভূমিধস ও জলাবদ্ধতার আশঙ্কাও করছেন স্থানীয় বাসিন্দারা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় ভয়ে অনেকেই প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। তাঁরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধভাবে মাটি কাটা বন্ধের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত আরিফ কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে ফসলি জমি ও টিলা কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহলের দাবি, মির্জাপুরে টিলা কেটে মাটি বিক্রি এবং কৃষিজমি ধ্বংস বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এলাকার পরিবেশ ও কৃষি ব্যবস্থার দীর্ঘমেয়াদি অপূরণীয় ক্ষতি হবে।#