
বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) পবিত্র জুমার নামাজ আদায় শেষে রাজশাহী মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত এ মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
মোস্তাফিজুর রহমান লিটন, নিজস্ব প্রতিবেদক: প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, “মসজিদ আল্লাহর ঘর। দলমত নির্বিশেষে পবিত্র এ ঘরটির উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ মসজিদ কমপ্লেক্সটি উন্নয়ন করা সম্ভব হবে।” এ সময় তিনি কমপ্লেক্সটির উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহী সিটি কর্পোরেশন মসজিদ-মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে। এ মসজিদটির উন্নয়নেও সহায়তা করা হবে। মসজিদ কমপ্লেক্সটি নির্মিত হলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজ আদায় ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় আরও উন্নত পরিবেশ সৃষ্টি হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মোঃ এরশাদ আলী ঈশা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মুরাদ হোসেন।
ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আবু সাঈদ ও আলহাজ্ব আলতাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ও আলহাজ্ব মোঃ আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুর রউফ সরকারসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুল আমিন আজব।
এ ছাড়া রাসিকের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন এবং নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসিম উদ্দীন আরজুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকার মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ওয়ার্ড নেতৃবৃন্দ অংশ নেন। নতুন এই বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্স নির্মাণের খবরে স্থানীয় মুসল্লিদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে।#