
শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান। নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের গারদবাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে এ বাল্যবিবাহ বন্ধ করা হয়।
মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি (নরসিংদী): শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) স্থানীয় বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গারদবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় কন্যার পিতার কাছ থেকে লিখিত মুচলেকা গ্রহণ করা হয় যে, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তিনি বিয়ে দেবেন না এবং ভবিষ্যতে কোনো বাল্যবিবাহের আয়োজন বা সহযোগিতা করবেন না। মুচলেকার শর্ত ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশের প্রধান অন্তরায়। বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
এদিকে, এর আগে গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে তিনি শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের চরসুজাপুর ও কামারকোষা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করেন। তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর সহযোগিতায় পরিচালিত ওই অভিযানে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১০(১) ধারার বিধান লঙ্ঘন করে অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহারের দায়ে মোট ৭টি মামলা করা হয় এবং ৩৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে প্রায় ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রশাসন জানায়, এসব অনিরাপদ সংযোগের কারণে গ্যাস লিকেজ, অগ্নিকাণ্ড ও প্রাণহানির মতো ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছিল এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল। সরকারি সম্পদের সুরক্ষা, রাজস্ব ফাঁকি প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শিবপুরে বাল্যবিবাহ বন্ধ ও অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে প্রশাসনের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।#