
খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে খুলনা ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, প্রতিযোগিতার যুগে চাকরির প্রস্তুতি নিতে গিয়ে মানবিক শিক্ষাগুলো থেকে আমাদের সন্তানরা দিন দিন বঞ্চিত হয়ে পড়ছে। তিনি আরও বলেন, মানব ইতিহাসের প্রথম দিকে আমরা বিভিন্ন যুদ্ধ পেয়ে থাকি। আগ্রাসন, অন্যায় ও দুষ্টকে দমন করতে গেলে একইভাবে একটি প্রতিরোধ গড়ে তুলতে হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তৎকালীন বৈষম্য, অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে মতপ্রকাশের স্বাধীনতা ও সমাজের শান্তিরক্ষার জন্যই যুদ্ধটা অনিবার্য ছিল।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, বইমেলার মাধ্যমে শুধুমাত্র বই কেনা মূল বিষয় নয়; আমাদের বইয়ের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলতে হবে। তবেই আমরা প্রকৃত জ্ঞান লাভ করতে পারব। প্রতিদিন কিছু না কিছু বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, এটি আমাদের মানবিক জ্ঞান লাভ এবং বিশ্বশান্তি অন্বেষণে আরও বেশি সক্ষম করে তুলবে।
খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ শাহ ও কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের সাবেক পরিচালক প্রফেসর ড. মো. আনিস-আর-রেজা। প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি বিএল কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মিজ আমেনা খানম। এছাড়া অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম।#
শহিদুল্লাহ আল আজাদ, খুলনা ব্যুরো থেকে প্রেরিত-