
রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে গুণগত মানসনদ ছাড়া ও মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন দই-মিষ্টি বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ‘অলিম্পিক সুইটস’ নামের ওই প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অলিম্পিক সুইটস দীর্ঘদিন ধরে বিএসটিআই’র বাধ্যতামূলক গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ছাড়াই ‘সুইটমিট (মিষ্টি) ও ফার্মেন্টেড মিল্ক (দই)’ উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এছাড়া উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্য সম্বলিত লেবেল ব্যবহার করা হচ্ছিল না।
এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ফারহানা হোসেন এই মোবাইল কোর্টে নেতৃত্ব দেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একটি দল উপস্থিত ছিল। বিএসটিআই রাজশাহী কার্যালয় জানিয়েছে, জনস্বার্থে ভেজাল খাদ্য প্রতিরোধ এবং ভোক্তাদের জন্য নিরাপদ ও গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।#
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী প্রেরিত-