
মোস্তাফিজুর রহমান লিটন, নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সীমান্তের পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য, যৌন উত্তেজক ট্যাবলেট ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ নভেম্বর) ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীনস্থ তিনটি সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদকদ্রব্য, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী রাজশাহী ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত প্রেমতলী বিওপি, ইউসুফপুর বিওপি ও মাজারদিয়া বিওপির আভিযানিক দল পৃথক স্থানে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫৯ বোতল ভারতীয় জেডি মদ, ৭ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, ১০৪ পিস যৌন উত্তেজক ট্যাবলেট (DR.x-100mg) এবং ২০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়।
জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট দায়িত্বপূর্ণ থানায় এবং অন্যান্য চোরাচালানি মালামাল রাজশাহীর শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।#