
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নজিপুর সরদারপাড়া দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নজিপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নজিপুর বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোরসেদুল হক সিরির সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক।
সমাবেশে উপস্থিত ছিলেন:
নজিপুর পৌর বিএনপি: সভাপতি মামুন হোসেন, জ্যেষ্ঠ নেতা ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও এ জেড মিজান।
মহিলা দল: পত্নীতলা উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম শেফা, পৌর মহিলা দলের সভানেত্রী মাহফুজা রায়হান।
যুবদল ও কৃষক দল: নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মন্টু।
শ্রমিক দল ও ছাত্রদল: উপজেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর হোসেন এবং ছাত্রনেতা রাকিবুল হাসান।
এছাড়াও এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, “দেশকে অস্থিতিশীল করা এবং শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। রাজপথে কোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না।” এ সময় দেশবিরোধী যেকোনো চক্রান্ত প্রতিহত করতে সব নেতাকর্মীকে রাজপথে ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।#