
নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর বিভিন্ন স্থান থেকে অসাবধানতাবশত হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন সফলভাবে উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে রাজশাহী জেলা পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত এসব মোবাইল ফোন তুলে দেওয়া হয়। জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন। দীর্ঘদিন পর প্রিয় মোবাইলটি ফিরে পেয়ে মালিকেরা আনন্দ প্রকাশ করেন এবং জেলা পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।
হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মামুন অর রশিদ বলেন, “বর্তমান সময়ে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, মানুষের দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। ফোন হারিয়ে গেলে আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যক্তিগত তথ্য, গুরুত্বপূর্ণ নথি, পাসওয়ার্ড এবং আর্থিক লেনদেনসংক্রান্ত ডেটাও মারাত্মক ঝুঁকিতে পড়ে।”
তিনি আরও জানান, অনেক নাগরিকই মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর ঝামেলা এড়াতে আইনি প্রক্রিয়ায় যেতে চান না। তবে রাজশাহী জেলা পুলিশ মোবাইল হারানোর পর প্রাপ্ত সাধারণ ডায়েরির (জিডি) ওপর ভিত্তি করে আধুনিক প্রযুক্তির ব্যবহারে নিয়মিত মোবাইল উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
উদ্ধার হওয়া মোবাইল ফোনের তালিকা: উদ্ধারকৃত ৫৬টি ফোনের মধ্যে রয়েছে—
ভিভো (Vivo): ১১টি
স্যামসাং (Samsung): ১০টি
রিয়েলমি (Realme): ৮টি
শাওমি (Xiaomi): ৭টি
ওয়ালটন (Walton): ৪টি
ইনফিনিক্স (Infinix): ৩টি
টেকনো (Tecno): ৩টি
অপো (Oppo): ২টি
নোকিয়া (Nokia): ২টি
পোকো (Poco): ২টি
সিম্ফোনি (Symphony): ২টি
আইটেল (Itel): ১টি
জিডিএল (GDL): ১টি
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#