
শিবগঞ্জে স্কাপসিরাপ ও টাকাসহ গ্রেপ্তার হয়েছেন তিনজন মাদক ব্যবসায়ী। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২২৪ বোতল অবৈধ মাদক স্কাপ সিরাপসহ তাদের আটক করেছে র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। এ সময় মাদক বিক্রির নগদ ১৫ লাখ ১৪ হাজার টাকা ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ডুলিপাড়া ও নলডুবরী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— শাহাবাজপুর ইউনিয়নের ডুলিপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. খোরাম ওরফে সুমন (২৯), নলডুবরী গ্রামের মৃত নিবারণ কর্মকারের ছেলে প্রভাত কর্মকার (৪০) এবং একই গ্রামের মৃত হরেন কর্মকারের ছেলে পবন কর্মকার (৪০)।
র্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ডুলিপাড়া গ্রামে খোরাম ওরফে সুমনের বসতবাড়িতে অভিযান চালিয়ে সুমন ও প্রভাত কর্মকারকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ১৭৩ বোতল স্কাপসিরাপ, মাদক বিক্রির নগদ ১৫ লাখ ১৪ হাজার টাকা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এরপর সকাল ৮টা ৪০ মিনিটে নলডুবরী গ্রামে পবন কর্মকারের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে আরও ৫১ বোতল স্কাপসিরাপ ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
দুটি অভিযানে সর্বমোট ২২৪ বোতল অবৈধ স্কাপসিরাপ, নগদ ১৫ লাখ ১৪ হাজার টাকা ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।#
শিবগঞ্জ প্রতিনিধি প্রেরিত-