
বাঘায় অবৈধ বালু উত্তোলন করার অভিযোগে পদ্মা নদীতে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তির নাম আলম হোসেন। তিনি বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের খলিল উদ্দিনের ছেলে।
জানা গেছে, আলম হোসেন দীর্ঘদিন ধরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অনন্যার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নৌ পুলিশ, থানা পুলিশ, পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন যৌথভাবে অংশ নেয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অনন্যা বলেন, লক্ষ্মীনগর বালুমহাল ও চকরাজাপুরের বিভিন্ন পয়েন্টে নিয়মিত টহল দেওয়া হয়। এ সময় চকরাজাপুরে পদ্মা নদীতে ড্রেজারের মাধ্যমে বালুমহালের বাইরে বাঘায় অবৈধ বালু উত্তোলন করতে দেখা যায়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় আলম হোসেনকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।#
বিশেষ প্রতিনিধি, বাঘা (রাজশাহী)-