
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের শিক্ষা। রাজশাহীতে বিভাগীয় সোতোকান কারাতে ব্ল্যাক বেল্ট পরীক্ষা ও প্রশিক্ষণ ক্যাম্প-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বেল্ট পরীক্ষা ও প্রশিক্ষণ ক্যাম্পে রাজশাহী বিভাগের রাজশাহী জেলাসহ চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার ১৩৫ জন প্রতিযোগী অংশ নেন।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বিকেলে নগরীর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনে বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রাজশাহী বিভাগীয় কারাতে উপ-রেফারি কমিশনের আয়োজনে দিনব্যাপী এই বেল্ট পরীক্ষা ও প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, “কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। তরুণ প্রজন্মকে সুস্থ, সাহসী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে কারাতে চর্চার প্রসার ঘটাতে হবে। এ ধরনের আয়োজন নতুন ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজশাহীর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে আমরা সব সময় এমন উদ্যোগকে উৎসাহিত করতে চাই।”
বেল্ট পরীক্ষা ও প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, কোচসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। আগামীতে সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় প্রশাসক কাপ কারাতে টুর্নামেন্ট আয়োজন করা হবে বলেও জানান রাসিক প্রশাসক।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রতিভা অন্বেষণের লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করেছেন, যার মধ্য দিয়ে আগামীতে নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টি হবে। ক্রীড়াকে পেশা হিসেবে বেছে নিতে উদ্বুদ্ধ করতে ক্রীড়াবিদদের ভাতা প্রদানের মাধ্যমে সম্মানিত করছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কৃষকদের সহায়তা প্রদান, জটিল রোগে আক্রান্তদের সহায়তা ভাতা বৃদ্ধিসহ দেশের সকল ক্ষেত্রের উন্নয়নে কাজ করছেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে রাজশাহীর ক্রীড়াঙ্গনে অবদান রাখা মৃত্যুবরণকারী কৃতি ব্যক্তিবর্গের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন রাসিক প্রশাসক। পরে তিনি বেল্ট পরীক্ষা ও প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে সার্টিফিকেট তুলে দেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে প্রদর্শনী খেলা অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিভাগীয় কারাতে উপ-রেফারি কমিশনের আহ্বায়ক মো. সাজ্জাদ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. সিফাত জেরিন তুলি, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুন, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি মো. ইমদাদুল হক এবং বিশিষ্ট ব্যবসায়ী কে এম আতিকুর রহমান এলান।
কারাতে ব্ল্যাক বেল্ট পরীক্ষায় পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও জাতীয় কারাতে কোচ মো. জসিম উদ্দীন এবং ফেডারেশনের রেফারি কমিশনের সম্পাদক মো. শফিকুল আজম রাসেল। অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্য সচিব শেখ মাহমুদুন্নবী তুষার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী খাজা তারেক সিজার, বিশিষ্ট ব্যবসায়ী কে এম আবুল কালাম রহমান, রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ সখিনা খাতুন, কোষাধ্যক্ষ জরিনা খাতুন এবং সদস্য বীথি মনি ও লাভলী হাসানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।#