
নওগাঁয় পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি জনগুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র। পত্নীতলা উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ধামইরহাট, সাপাহার, পোরশা ও মহাদেবপুর উপজেলার অনেক মানুষ এখানে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. খালিদ হাসান নাঈম।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।
ডা. মো. খালিদ হাসান নাঈম আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই হাসপাতালের পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। তাঁর সরাসরি উদ্যোগে প্রতিদিন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মূলত রোগীদের জন্য একটি পরিচ্ছন্ন, সুন্দর ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. খালিদ হাসান নাঈম বলেন,
“একটি হাসপাতালের সেবার মান শুধু চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ নয়। পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও সুন্দর পরিবেশও মানসম্মত স্বাস্থ্যসেবার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।”
তিনি আরও বলেন, হাসপাতালের জনবল সীমিত হলেও বিদ্যমান সীমাবদ্ধতার মধ্যেই সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। অনেক ক্ষেত্রে একজন কর্মীকে একাধিক দায়িত্ব পালন করতে হচ্ছে। বিভিন্নভাবে দায়িত্ব ভাগ করে নিয়ে হাসপাতালের কার্যক্রম সচল রাখার চেষ্টা চলছে। এ ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) স্যারের সার্বিক সহযোগিতা ও আন্তরিক ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।
ডা. নাঈম বলেন, সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সবার সহযোগিতা থাকলে সীমাবদ্ধতার মধ্যেও হাসপাতালের পরিবেশের ব্যাপক উন্নয়ন সম্ভব। এই উদ্যোগ অব্যাহত রাখতে তিনি সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন।
সবশেষে তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, চিকিৎসাসেবার পাশাপাশি একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে তুলতে এলাকার সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।#
নওগাঁ প্রতিনিধি প্রেরিত-