
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গভীর রাতে ভ্রমণের সময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন চার বন্ধু। এতে ধারালো অস্ত্রের কোপে চারজনই আহত হন এবং দুর্বৃত্তরা তাদের একটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) গভীর রাতে উপজেলার তালপল্লি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে দুটি মোটরসাইকেলে করে চার বন্ধু ভোলাহাট-শিবগঞ্জ সড়কের তালতলি বিলে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে তালপল্লি এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে একটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র ও বাঁশ দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে চারজনই আহত হন এবং হামলাকারীরা একটি বাইক নিয়ে পালিয়ে যায়।
আহত তরুণরা হলেন—ভোলাহাট উপজেলার ঝাউবোনা এলাকার হাবিব (১৯), রোহান (১৯), হাসিব (২০) ও মোবাচ্ছের (১৯)।
শুক্রবার (২৩ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, খবর পেয়ে ওই সড়কে চেকপোস্টের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাবিবের (১৯) শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় জড়িতদের সনাক্ত করতে এবং ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানা গেছে।#