
শহিদুল্লাহ্ আল আজাদ, খুলনা ব্যুরো: খুলনা সফরে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পর্শ ও শুভেচ্ছা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন স্থানীয় এক সাধারণ বাদাম বিক্রেতা। প্রটোকলের তোয়াক্কা না করে প্রধানমন্ত্রীর বাড়িয়ে দেওয়া হাত ছুঁয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু বলেন, “আলহামদুলিল্লাহ, আমি কার সঙ্গে কথা কলাম, আমার জীবন সার্থক! বাদাম বেচি, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাইছি, আর কী লাগে!”
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল ১০টা ২৮ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান হেলিকপ্টারযোগে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন। পরবর্তীতে সেখান থেকে তিনি পায়ে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনের উদ্দেশ্যে রওনা হন।
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে সকাল থেকেই সড়কের দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন হাজারো মানুষ, সাধারণ জনগণ এবং বিএনপির স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পন্টুনে যাওয়ার পথে সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা জনতাকে হাত নেড়ে উষ্ণ শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এ সময় পুরো এলাকা বিভিন্ন স্লোগান ও করতালিতে মুখরিত হয়ে ওঠে।
পথে হাঁটার সময় প্রটোকল ভেঙে অনেক সাধারণ মানুষের সঙ্গে সরাসরি হাত মেলান এবং অনেকের মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা স্থানীয় বাদাম বিক্রেতা রাজুর দিকে হাত বাড়িয়ে দেন সরকার প্রধান।
প্রধানমন্ত্রীর এমন আন্তরিকতায় অভিভূত হয়ে পড়েন রাজু। হাত মেলানোর মুহূর্তটিতে আবেগপ্লুত রাজু প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “অসংখ্য ধন্যবাদ স্যার! আপনাকে সরাসরি সামনে থেকে দেখতে পেরে এবং আপনার সঙ্গে কথা বলতে পেরে আমার খুব ভালো লাগছে।”
দেশের সরকার প্রধানকে এত কাছ থেকে পাওয়া এবং কুশল বিনিময়ের সুযোগ পাওয়াকে নিজের জীবনের অন্যতম সেরা মুহূর্ত বলে উল্লেখ করেন এই সাধারণ শ্রমজীবী মানুষটি।#