
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে রাজশাহীতে ‘গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন এবং পানির ন্যায্য অধিকার প্রাপ্তির নিশ্চয়তা বিধানে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী নগরীর পূবালী মার্কেটে ‘নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ’-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
রাষ্ট্রের স্বার্থে ভাসানী কখনো আপস করেননি: রুহুল কবির রিজভী প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, “রাষ্ট্রের স্বার্থে মাওলানা ভাসানী কখনো আপস করেননি। দেশের মানুষের ন্যায্য পানির হিস্যা আদায়ের দাবিতে তিনি বিরামহীনভাবে ছুটে চলেছেন। পলিমাটিমিশ্রিত এই বাংলাদেশের মাটির সন্তান মাওলানা ভাসানী আজীবন নির্যাতিত ও নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে রাজনীতি করেছেন।” তিনি আরও উল্লেখ করেন, ভাসানীর কর্মময় জীবনের অনেক অধ্যায় এখনো অজানা রয়ে গেছে, যা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি।
পদ্মা ব্যারেজ প্রকল্পে উত্তরাঞ্চলের পানির অধিকার নিশ্চিত হবে: রাসিক প্রশাসক বিশেষ অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “মাওলানা ভাসানী আজীবন শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
উন্নয়ন প্রকল্পের তথ্য তুলে ধরে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্পটি একনেক সভায় অনুমোদন পেয়েছে। এটি বাস্তবায়িত হলে পদ্মা নদীর পানির সুষ্ঠু ব্যবস্থাপনা, কৃষি ও সেচব্যবস্থার উন্নয়ন এবং উত্তরাঞ্চলের মানুষের পানির ন্যায্য অধিকার নিশ্চিত হবে।
সভাপতি ও অন্যান্য বক্তাবৃন্দ মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন কমিটির আহ্বায়ক এবং নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, রাজশাহীর সভাপতি অ্যাডভোকেট মোঃ এনামূল হকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন ইসলামিক বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার সাবেক ভিসি ও রাকাব-এর চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন:
ডা. ওয়াসিম হোসেন, সভাপতি, ড্যাব রাজশাহী শাখা
প্রফেসর ড. জি.এম শফিউর রহমান, প্রো-ভিসি, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়
ড. প্রকৌ. মোঃ জাকির হোসেন খান, সভাপতি, বরেন্দ্র পরিবেশ উন্নয়ন সংস্থা, রাজশাহী
ড. মোহাঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক, সুজন (রাজশাহী মহানগর শাখা)
প্রফেসর ফৌজিয়া এদিব ফ্লোরা, ফিসারিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
মোঃ সুলতান মাহমুদ সুমন, সাবেক সিনিয়র সহ-সভাপতি, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ
আলোচনা শেষে মাওলানা ভাসানীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।#
মোস্তাফিজুর রহমান লিটন, নিজস্ব প্রতিবেদক প্রেরিত-