
মোঃ নাসিম, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে ভয়াল ২৮ অক্টোবর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা শাখার আমীর মো. ইয়াকুব আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি মো. ইয়াহ্ইয়া খালেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নাচোল পৌরসভা শাখার আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাচোল উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা রইস উদ্দিন, পৌরসভা শাখার নায়েবে আমীর ডা. মো. রফিকুল ইসলাম এবং উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. মোবারক হোসেন।
আলোচনা সভায় বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডব ও ঘটনাবলি স্মরণ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা ওই দিনের ঐতিহাসিক ঘটনাপ্রবাহের বিভিন্ন দিক তুলে ধরে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে স্মৃতিচারণ করেন।
আলোচনা সভা শেষে শহীদের রুহের মাগফিরাতসহ দেশ ও জাতির শান্তি, কল্যাণ, সমৃদ্ধি এবং সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।#