1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মরদেহ উদ্ধার: কলেজছাত্র রবিউল হত্যায় গ্রেপ্তার ২ শিবগঞ্জে চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসা, রোগীকে মারধরের অভিযোগ শিবগঞ্জে এসআরবি বিজিবির অভিযানে ইয়াবা ও সিরাপ উদ্ধার, আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী রামেক কর্মচারীদের মানববন্ধন : বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬ : রাজশাহীতে প্রথম আসর অনুষ্ঠিত রাজশাহীতে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০ রাউন্ড গুলি জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা : রাজশাহীতে উদ্বোধন

পবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
রাজশাহীর পবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন করছেন সংসদ সদস্য শফিকুল হক মিলন

গ্রামীণ সড়কে সবুজায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রাম পুলিশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো রাজশাহীর পবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় পবা উপজেলার আটটি ইউনিয়নে গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়নের মাধ্যমে মোট ১৬ হাজার বৃক্ষরোপণ করা হবে। রোপণ করা গাছের একটি অংশের পরিচর্যার দায়িত্ব পালন করবেন গ্রাম পুলিশ সদস্যরা। গাছগুলো বড় হয়ে অর্থকরী সম্পদে পরিণত হলে সংশ্লিষ্ট গাছ থেকে প্রাপ্ত সুবিধার ৫০ শতাংশ পাবেন দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ। বাকি ৫০ শতাংশ অর্থ জমা হবে ইউনিয়ন পরিষদের রাজস্ব খাতে।

রোববার (২২ নভেম্বর) সকালে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। পরে তিনি পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের আওতাধীন পবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন করেন।

এমপি মিলন বলেন, গ্রাম পুলিশ সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত প্রতিটি ইউনিয়নে একটি করে সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ নামকরণ এবং ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি দেশব্যাপী বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে পবা উপজেলায় প্রথমবারের মতো এ কর্মসূচি শুরু হয়েছে। উপজেলার আটটি ইউনিয়নে প্রতিটিতে দুই হাজার করে মোট ১৬ হাজার গাছ লাগানো হবে। এর একটি অংশের রোপণ ও পরিচর্যার দায়িত্বে থাকবেন গ্রাম পুলিশ সদস্যরা। বাকি গাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে রোপণ করা হবে।

তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়নে গ্রাম পুলিশ সড়ক নামে একটি করে সড়কের নামকরণ করা হয়েছে। পাশাপাশি তাঁদের বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রাম পুলিশের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের বিভিন্ন জনমুখী কর্মসূচির প্রসঙ্গ তুলে ধরে এমপি মিলন বলেন, বৃক্ষরোপণ, খাল খনন, মাছ চাষ, গবাদিপশু পালন, হাঁস-মুরগি পালন, ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠা ও গণশিক্ষার মতো উদ্যোগের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এসব কর্মসূচির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী করা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সময়ে নারী শিক্ষার প্রসার ও অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র সংস্কারে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। এর অংশ হিসেবে বৃক্ষরোপণের পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হচ্ছে। চলাচলে অক্ষম ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার, প্রশিক্ষিত নারীদের সেলাই মেশিন, কৃষকদের কৃষি কার্ড, পরিবারের জন্য ফ্যামিলি কার্ড এবং বয়স্ক, বিধবা ও অসচ্ছল ব্যক্তিদের ভাতা প্রদানের মতো কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ রয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচির আর্থ-সামাজিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গাছ লাগানো ও পরিচর্যার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা, গ্রামীণ সড়কে সবুজায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অর্থকরী সম্পদ গড়ে তোলা সম্ভব হবে। এটি পরিবেশ সংরক্ষণ ও সমাজকল্যাণকে সমন্বিত করে নেওয়া একটি উদ্যোগ, যা পর্যায়ক্রমে গ্রামীণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, শুধু গাছ রোপণ করলেই হবে না, রোপণ করা গাছের সুরক্ষা ও পরিচর্যার দায়িত্বও সংশ্লিষ্টদের নিতে হবে। ভবিষ্যতের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় মেহগনি, নিমসহ বিভিন্ন কাঠ জাতীয় গাছ নির্বাচন করা হয়েছে। পাশাপাশি স্বল্প মেয়াদে আয়ের সুযোগ তৈরির জন্য বিভিন্ন স্থানে খেজুরগাছ রোপণের পরিকল্পনা রয়েছে। গাছগুলো বড় হলে রস ও গুড় উৎপাদনের মৌসুমে ইজারা দেওয়ার মাধ্যমে আয় করা সম্ভব হবে।

ইউএনও আরও জানান, উপজেলার আটটি ইউনিয়নে আটটি গ্রাম পুলিশ সড়ক স্থাপনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ওয়ার্ড সদস্যদের সমন্বয়ে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ১৬ হাজার বৃক্ষরোপণ করা হবে। সরকারের পাঁচ বছরের বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রার অংশ হিসেবে পবায় এক বছরের মধ্যেই নির্ধারিত লক্ষ্য পূরণের আশা করা হচ্ছে।

অনুষ্ঠানের অংশ হিসেবে চলাচলে অক্ষম ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও পৌর মেয়র শেখ মুকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্যসচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ পবা উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ ও উপকারভোগীরা।#

৥মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী:

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট