
আসন্ন সাতক্ষীরায় ইউপি নির্বাচন (ইউনিয়ন পরিষদ) ঘিরে নির্বাচনী উত্তাপ বাড়লেও প্রার্থী ঘোষণায় বিলম্ব করায় মাঠ হারানোর শঙ্কায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রথম ধাপের ভোটগ্রহণ আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের বাকি মাত্র দুই মাস হলেও জেলায় এখন পর্যন্ত দলীয় প্রার্থী চূড়ান্ত করতে পারেনি দলটি।
স্থানীয় নেতাকর্মী ও মনোনয়নপ্রত্যাশীদের মতে, নির্বাচনের ঠিক আগমুহূর্তে প্রার্থী নির্বাচন করার প্রবণতাই বিগত বিভিন্ন নির্বাচনে বিএনপির পরাজয়ের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
তৃণমূল নেতাকর্মীদের শঙ্কা ও প্রস্তুতির ঘাটতি সাতক্ষীরার তৃণমূল নেতাকর্মীদের পর্যবেক্ষণে উঠে এসেছে, নির্বাচন ঘনিয়ে এলেও প্রার্থী ঘোষণা না হওয়ায় নির্বাচনী মাঠে অনেকটা পিছিয়ে পড়ছে বিএনপি। তাঁদের আশঙ্কা, শেষ সময়ে তড়িঘড়ি করে প্রার্থী ঘোষণা করা হলে মনোনয়নপত্র জমা দেওয়া থেকে শুরু করে প্রচারণা ও গণসংযোগ—সবকিছুই তাড়াহুড়োর মধ্যে সারতে হবে। পর্যাপ্ত প্রস্তুতির অভাবে নির্বাচনের ফলাফলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তাঁরা।
মাঠ গোছাতে এগিয়ে প্রতিদ্বন্দ্বী দলগুলো অন্যদিকে, আসন্ন সাতক্ষীরায় ইউপি নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো মাঠ গোছানোর কাজে অনেকটাই এগিয়ে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রায় এক বছর আগেই সাতক্ষীরার বিভিন্ন ইউনিয়নে তাদের সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে। ফলে দলটির প্রার্থীরা দীর্ঘ সময় ধরে এলাকার বিভিন্ন প্রান্তে নিয়মিত গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে নিজেদের অবস্থান সুসংহত করার সুযোগ পাচ্ছেন।
এ ছাড়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম প্রকাশ না করলেও দলীয় সূত্রে জানা গেছে, তাদের প্রার্থী তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে।
দ্রুত মনোনয়ন চূড়ান্তের দাবি এমন পরিস্থিতিতে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সাতক্ষীরায় বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা দ্রুত প্রার্থী তালিকা চূড়ান্ত করার জন্য দলের শীর্ষ নেতৃত্বের কাছে জোর দাবি জানিয়েছেন। তাঁদের মতে, এখনই প্রার্থী ঘোষণা করা হলে মনোনীতরা পর্যাপ্ত সময় নিয়ে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান তৈরি করতে পারবেন।#
আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রেরিত-