
রাজশাহীতে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। রাজশাহীসহ পুরো উত্তরাঞ্চলে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী আসছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে। ডেঙ্গুর প্রকোপ বাড়ার পাশাপাশি অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরে ডেঙ্গুর শক সিনড্রোমে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ১০ জন, রাজশাহীর পাঁচজন এবং নাটোর ও কুষ্টিয়ার দুইজন করে মোট চারজন রয়েছেন। এছাড়া অন্যান্য জেলার আরও চারজনের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮৩ জন রোগী।
অন্যদিকে, রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেলায় মোট ৩ হাজার ৪৯৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ২৩ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ২৭১ জন। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে মোট ২০০ জন রোগী ভর্তি রয়েছেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনরা জানান, জ্বরসহ ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ দেখা দেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করালে তাঁদের ডেঙ্গু শনাক্ত হয়। পরে হাসপাতালে ভর্তি হয়ে নিয়মিত চিকিৎসা ও সেবা পাওয়ায় অনেকেই সুস্থ হয়ে উঠছেন। তবে রোগীর সংখ্যা বাড়লেও সে তুলনায় হাসপাতালের শয্যা পর্যাপ্ত না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। শয্যা সংকটের কারণে অনেক রোগীকে অতিরিক্ত চাপের মধ্যে চিকিৎসা নিতে হচ্ছে। দ্রুত শয্যা ও চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।
স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, বর্তমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার কামড় থেকে সুরক্ষিত থাকার বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি জ্বর দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।#