
এমপি নুসরাত তাবাসসুম বাড়ি অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নতুন তথ্য জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। তাদের দাবি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের কোনো সম্ভাবনা বা আলামত পাওয়া যায়নি।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম-ওএন্ডএম) তোজাম্মেল হক গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।
তোজাম্মেল হক বলেন, পল্লী বিদ্যুতের লাইন থেকে কোনো শর্টসার্কিট হয়নি এবং ঘটনার সময় লাইন সম্পূর্ণ অক্ষত ছিল। অভিযোগ কেন্দ্রে ফোন আসার পরপরই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। পরে লাইনম্যানরা ঘটনাস্থল থেকে বৈদ্যুতিক তার ও মিটার উদ্ধার করে পরীক্ষা করে দেখেন যে সেগুলোতে শর্টসার্কিটের কোনো চিহ্ন নেই। এছাড়া মেইন সুইচের ফিউজও অক্ষত পাওয়া গেছে।
এদিকে এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও উদঘাটন করা সম্ভব হয়নি। নুসরাত তাবাসসুমের অভিযোগ, পরিকল্পিতভাবে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে তার পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় তিনি দৌলতপুর থানায় একটি মামলাও দায়ের করেছেন।
পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে, যা পরীক্ষার জন্য পাঠানো হবে। এখন পর্যন্ত পেট্রোল বোমা ব্যবহারের সুনির্দিষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস, সিআইডি এবং বিজিবি যৌথভাবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানিয়েছেন, সকল তদন্তকারী সংস্থার যৌথ মতামতের ভিত্তিতে অগ্নিকাণ্ডের আসল কারণ জানা যাবে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও তদন্ত কমিটি গঠন করে দ্রুত প্রতিবেদন দেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, গত বুধবার (১১ নভেম্বর) দিনগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগুয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
#
শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি প্রেরিত-