
মোস্তাফিজুর রহমান লিটন: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব অপরিসীম। এ দিবস জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘ প্রায় ১৭ বছর পর যথাযথ মর্যাদায় ঐতিহাসিক এ দিবস উদযাপনের সুযোগ সৃষ্টি হওয়াকে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চর্চার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা বাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি শফিকুল হক মিলন বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তনের সূচনা করেছিল। এ দিবসের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাস গভীরভাবে জড়িয়ে রয়েছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হলো, দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষ যথাযথভাবে এ ঐতিহাসিক দিবসটি পালন করতে পারেনি। এ সময়ে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ইতিহাস এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান বিকৃত করার নানা অপচেষ্টা চালানো হয়েছে।
তিনি আরও বলেন, ৭ নভেম্বর, ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এসব ঐতিহাসিক ঘটনা ও অর্জনকে যথাযথভাবে ধারণ করে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক প্রতিকূলতা কাটিয়ে দেশের মানুষ আবারও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের মতামত প্রকাশের সুযোগ পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবার যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হচ্ছে বলে তিনি জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের সামনে রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি তুলে ধরেছিলেন। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে অনিয়ম, দুর্নীতি ও কাঠামোগত সমস্যা তৈরি হয়েছে, সেগুলোর প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সমাধান করতে হবে। একটি কার্যকর, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় ৩১ দফা বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিরোধী রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে তিনি বলেন, সংসদের ভেতরে এক ধরনের বক্তব্য দেওয়া এবং বাইরে তার বিপরীত কথা বলা দ্বিমুখী রাজনৈতিক অবস্থানের পরিচয় বহন করে। রাজনৈতিক দলগুলোর উচিত কথার চেয়ে কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা। সরকারকে দায়িত্ব পালনের যথাযথ সুযোগ দিতে হবে। সরকারের সামনে আরও চার বছর তিন-চার মাস সময় রয়েছে। এ সময়ের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নসহ দেশের মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
তিনি আরও জানান, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে জ্ঞানভিত্তিক ও কারিগরি শিক্ষাব্যবস্থা চালুর পরিকল্পনা সরকারের রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতি ও সামাজিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে এমপি মিলন বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং গণতন্ত্রের চর্চায় বিশ্বাসী। আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে অন্য কোনো দলকে নির্বাচিত করলে বিএনপি বিরোধী দলের আসনে বসতেও প্রস্তুত রয়েছে। জনগণের রায়কে সম্মান জানানোই গণতান্ত্রিক রাজনীতির মূল সৌন্দর্য। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা হুমকি বরদাশত করা হবে না। তিনি দেশের উন্নয়ন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং জাতীয় ঐক্য সুসংহত করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম পিটারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ও অন্যান্য বক্তা হিসেবে বক্তব্য দেন— পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্যসচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন উজ্জ্বল, জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মুকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ এবং রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি।
এ ছাড়া সভায় কাটাখালী পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম, কাটাখালী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ রানা, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মামুন, কাটাখালী ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ পবা ও কাটাখালী এলাকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নওহাটা বাজার এলাকায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা হয়।#