
# রানীশংকৈল প্রতিনিধি: প্রসব বেদনার তীব্র যন্ত্রণায় ছটফট করা এক অসহায় তরুণীকে বাঁচাতে বুকফাটা কান্নার রোল উঠেছিল ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদে। অভাবের তাড়নায় চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে দিশেহারা হয়ে পড়া সেই পরিবারটির পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ছাত্রদলের তরুণ নেতাকর্মীরা। তাদের দ্রুত পদক্ষেপে অবশেষে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিরাপদে পৃথিবীর আলো দেখেছে এক নবজাতক।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পৌর শহরের নয়নপুর মহল্লার ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাধবী কর্মকারের মেয়ে সাগরিকা। মাত্র কয়েক মাস আগে স্বামীকে হারিয়ে জীবনের নির্মম বাস্তবতার মুখোমুখি হন এই তরুণী। সন্তান প্রসবের সময় ঘনিয়ে এলেও চরম আর্থিক সংকট ও স্বজনহীনতার কারণে বিপাকে পড়েন তাঁরা। কোনো উপায় না পেয়ে সহায়তার আশায় মেয়েকে নিয়ে উপজেলা পরিষদে পৌঁছান মা মাধবী কর্মকার। সেখানে প্রসব বেদনায় কাতর মেয়ের কষ্ট দেখে মূল ফটকেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
তার সেই হৃদয়বিদারক কান্না নাড়া দেয় পথচারী ও স্থানীয়দের। ঠিক তখনই এগিয়ে আসেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাব্বি হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা। অসহায় মায়ের আর্তনাদ শুনে কালক্ষেপণ না করে তারা দ্রুত সাগরিকাকে উদ্ধার করে স্থানীয় মাতৃসেবা ক্লিনিকে ভর্তি করেন এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান।
খবর পাওয়া মাত্রই ক্লিনিকে ছুটে যান রাণীশংকৈলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান। সেখানে চিকিৎসাধীন সাগরিকার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর পরিবারের পাশে দাঁড়িয়ে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।
পুরো ঘটনার অনুভূতির কথা জানিয়ে ছাত্রদল নেতা রাব্বি হোসেন বলেন, “মাধবী মাসির কান্নার শব্দ শুনে আমরা আর স্থির থাকতে পারিনি। সাগরিকার অবস্থা জানার পর দ্রুত তাকে ক্লিনিকে ভর্তি করি এবং ইউএনও মহোদয়কে অবহিত করি। এমন একটি মানবিক কাজের অংশ হতে পেরে আমাদের হৃদয় প্রশান্তিতে ভরে গেছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, “অন্তঃসত্ত্বা সাগরিকার অসহায়ত্বের কথা শোনামাত্রই আমি ক্লিনিকে ছুটে যাই। ক্লিনিক কর্তৃপক্ষকে তার সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি এবং ব্যক্তিগতভাবে কিছুটা সহায়তা করেছি। বিশেষ করে আমাদের ছাত্র ভাইয়েরা অত্যন্ত চমৎকার ভূমিকা পালন করেছে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে প্রশাসন ও যুবসমাজ এভাবেই ভবিষ্যতেও একসঙ্গে কাজ করবে।”
নবজাতকের নিরাপদ জন্ম ও সুচিকিৎসার ব্যবস্থা হওয়ায় অশ্রুসজল চোখে ইউএনও এবং ছাত্রদল নেতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবজাতকের নানি মাধবী কর্মকার। এ সময় এই মহৎ উদ্যোগে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলীসহ স্থানীয় ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা।#