
# মোঃ রাসাদুদ জামান, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে নানা আয়োজনে ‘জাতীয় যুব দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। একই সাথে দুই মাসব্যাপী যুব উন্নয়ন প্রশিক্ষণেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সফল ১৪ জন যুব উদ্যোক্তার মাঝে ১ লক্ষ টাকা করে সর্বমোট ১৪ লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন:
আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মোহাইমিনুল ইসলাম
যুব উন্নয়ন অফিসার আল হাসান হাবিবুর রহমান
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভা ও ঋণ বিতরণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ২ মাসব্যাপী যুব উন্নয়ন প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।#