
মোস্তাফিজুর রহমান লিটন, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসএআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ইঞ্জিনিয়ার মো. ফারুক আহমেদ। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে পদায়ন করা হয়। এর আগে তিনি হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ইঞ্জিনিয়ার মো. ফারুক আহমেদ ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। গত ৪ জুন তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন। এর আগে গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) পদ থেকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছিল।
সর্বশেষ এই পদায়নের মধ্য দিয়ে এসএআরবির নেতৃত্বের দায়িত্ব পেলেন তিনি। এর আগে এ ইউনিটের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। নতুন আদেশে তাঁকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।
পেশাগত পরিচয়ের পাশাপাশি শিক্ষাজীবনেও রয়েছে তাঁর প্রকৌশলভিত্তিক অর্জন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের ১৯৮৮-৮৯ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। প্রকৌশল শিক্ষা সম্পন্ন করে পুলিশ ক্যাডারে যোগ দিয়ে তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
রুয়েটের সাবেক শিক্ষার্থী হিসেবে পুলিশের একটি বিশেষায়িত ইউনিটের শীর্ষ পদে তাঁর এই নিয়োগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সঞ্চার করেছে। তাঁর এ অর্জনে গর্ব প্রকাশ করে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত মহাপরিচালককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। নতুন দায়িত্বে তাঁর সার্বিক সফলতা কামনা করেছেন শুভাকাঙ্ক্ষী ও রুয়েট পরিবার।#