
#মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া এলাকায় ধলেশ্বরী নদীর শাখা নদীতে রাতের আঁধারে অবৈধ ড্রেজার বসিয়ে অবাধে বালু ও মাটি উত্তোলনের তীব্র অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী চক্র রাতের বেলায় এ কার্যক্রম চালিয়ে আসছে বলে দাবি করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী চক্রটি ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে নিয়মিত বালু ও মাটি কেটে বিক্রি করছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি তীব্র তীর ভাঙনের তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে আশপাশের ফসলি জমি ও বসতবাড়ি মারাত্মক হুমকির মুখে পড়েছে।
এলাকাবাসী জানান, এভাবে অপরিকল্পিত ও বেআইনিভাবে বালু-মাটি উত্তোলন অব্যাহত থাকলে স্থানীয় পরিবেশ, নদীমাতৃক অবকাঠামো ও আশপাশের জনবসতি মারাত্মক ক্ষতির শিকার হবে।
এমন পরিস্থিতিতে নদী ও পরিবেশ রক্ষায় অবিলম্বে অবৈধ ড্রেজার চলাচল বন্ধ, সরেজমিন পরিদর্শন এবং অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। তারা সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন, ভূমি প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের দ্রুত কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।#