
মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার: খুলনার বটিয়াঘাটা উপজেলায় সোহেল শেখ (৩৬) নামে এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ২৭ অক্টোবর (সোমবার) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে। গুলিবিদ্ধ সোহেল শেখ ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এবং উক্ত ইউনিয়নের গনি শেখের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে সোহেল শেখ মোটরসাইকেলযোগে নিজের বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হঠাৎ একটি মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে তাঁকে লক্ষ্য করে পরপর ৩ রাউন্ড গুলি ছোড়ে। গুলির আঘাতে তিনি মোটরসাইকেলসহ মাটিতে লুটিয়ে পড়েন। এই সুযোগে দুর্বৃত্তরা তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে পথচারী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে রাত ৩টার দিকে একটি আইসিইউ অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে গুলিবিদ্ধ সোহেল শেখ জানান, তিনি বাসায় ফেরার পথেই এ অতর্কিত হামলার শিকার হন। গুলি লাগার পর তিনি মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা তাঁর বাইকটি ছিনতাই করে চম্পট দেয়।
তবে কী কারণে এই হামলা হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় পুলিশ প্রশাসন হামলার কারণ অনুসন্ধান এবং জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে।#