
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ পৌর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. রবিউল ইসলাম মিঠুনের উদ্যোগে ও নিজস্ব কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার বাদ আসর আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. রবিউল ইসলাম মিঠুন।
এ সময় তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং বিএনপির শীর্ষ নেতৃত্বকে। বক্তব্যে তিনি বিগত আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতাকর্মীদের সাহসিকতা ও অবদানের কথা তুলে ধরেন।
রবিউল ইসলাম মিঠুন বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র রুখে দিতে যুবদলের নেতাকর্মীরা সবসময় রাজপথে সজাগ রয়েছে।” পাশাপাশি নিজের এলাকাকে একটি মাদকমুক্ত ও শান্তিশৃঙ্খলাপূর্ণ সমাজ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মোশাররফ হোসেন। দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#