
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব মোবাইল ফোনের আনুমানিক সিজার মূল্য প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর এলাকার ঈদগাহ মাঠ থেকে এসব মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। টহল দলটি সীমান্ত পিলার ১৭৯/৪-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নিয়ে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন মডেলের ৫০টি ভারতীয় স্মার্টফোন উদ্ধার করে।

জব্দকৃত মোবাইল ফোনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।#