
পবা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পবায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) পবা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একযোগে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অপরাধী যে পরিচয়েরই হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে।”
তিনি আরও বলেন, “মাদক ও সন্ত্রাস শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না; বরং পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে বিপন্ন করে। কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা বাড়ানো জরুরি।”
সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, “উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে।” জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি অনিয়ম ও অপরাধের তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানান।
উক্ত সভায় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্য, স্থানীয় সাংবাদিক এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#