
মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার গোডাউনপাড়া এলাকার বাবুর বাড়ির পাশের মসজিদ থেকে গোরস্থান পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার কাজ না হওয়ায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় জনগণের এই দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে মাননীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের নির্দেশনায় সম্প্রতি সড়কটি সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমির ও মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন পৌর সার্ভেয়ার মো. আরিফুল ইসলাম।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ সড়কটির বর্তমান জরাজীর্ণ অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় অধিবাসীদের সাথে সরাসরি কথা বলে তাঁদের সমস্যার কথা শুনেন। এ সময় সড়কটির বেহাল দশা ও জনসাধারণের প্রাত্যহিক যাতায়াতের কষ্ট গুরুত্বের সাথে বিবেচনা করা হয়।
পরিদর্শন শেষে মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম জানান, স্থানীয় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সড়কটির সংস্কার কাজ অতি দ্রুত শুরু করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এমপির দিকনির্দেশনায় দ্রুত সড়ক সংস্কারের এই আশ্বাস পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত কাজ শুরু করার দাবি জানিয়েছেন।#