
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রাজশাহী সেক্টরের সার্বিক নির্দেশনায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শুরু হয়েছে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ”। আজ ৩০ সেপ্টেম্বর ২০২৬, ভোলাহাটের সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সীমান্তবর্তী এলাকার ২৫ জন যুবকের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মাসব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মূলত দুটি ভাগে শিক্ষা দেওয়া হবে:
তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা: বহুতল ভবন ও বাসাবাড়িতে নিরাপদ বিদ্যুৎ সংযোগ প্রদানের সঠিক পদ্ধতি।
সমস্যা সমাধান ও নিরাপত্তা: বৈদ্যুতিক বিভিন্ন ত্রুটি নিরসন এবং নিরাপত্তার নিয়ম মেনে ইলেকট্রনিক সরঞ্জাম স্থাপনের (সেটিং) ওপর ব্যবহারিক দক্ষতা অর্জন।
প্রশিক্ষণ কর্মসূচিটি ভোলাহাটের আলালপুর দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণ প্রদান করছেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের ২ জন দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক।
প্রশিক্ষণ শুরুর প্রাক্কালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) বলেন,
“সীমান্ত এলাকার যুব সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং চোরাচালানসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তাদের দূরে রাখাই আমাদের মূল উদ্দেশ্য। বিজিবি ভবিষ্যতেও সীমান্ত এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে।”
বিজিবির প্রত্যাশা, এই ধরনের কারিগরি প্রশিক্ষণ সীমান্ত এলাকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, জীবনমান উন্নয়ন এবং চোরাচালান প্রতিরোধে অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষকবৃন্দ এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।#